পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর সরকার গঠনের দিনই কলকাতায় বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে কলকাতার ভবানীপুর এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার সকালে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই বিজেপি সমর্থকরা ভবানীপুর এলাকায় জড়ো হতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা ‘চোর-চোর’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও দলীয় প্রতীক দেখা যায়।

উত্তপ্ত পরিস্থিতি ও পুলিশের ভূমিকা: বিক্ষোভ চলাকালে একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে কলকাতা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে, একই দিনে রাজনৈতিক এই অস্থিরতার মাঝেই নিজের বাসভবনে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং রাজনৈতিক অস্থিরতা থেকে পশ্চিমবঙ্গকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।