‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, ফেসবুক স্ট্যাটাসের পরই সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

ছবি- সংগৃহীত
“বড় একটি এক্সিডেন্ট হোক, ছিন্ন বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা”—ফেসবুকে দেওয়া এমন একটি আবেগঘন স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পরই সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লক্ষ্মীপুরের যুবক মাহাদি রাজ শুভ।
শুক্রবার (২৯ মে) সকালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাহাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সৌদিতে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান।
নিহত মাহাদি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে। তিনি চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সহকর্মী আরাফাত হোসেন রায়হান জানান, কয়েকদিন ধরেই মাহাদি মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন। বৃহস্পতিবার ভোরে ফুড ডেলিভারির কাজে বের হলেও সন্ধ্যা পর্যন্ত বাসায় ফেরেননি। পরে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
রাতে সৌদি পুলিশ তাদের জানায়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদির মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মাত্র ছয় মাস আগে দ্বিতীয় দফায় সৌদি আরবে যান মাহাদি। তার বাবা মুহাম্মদ দুলালও বর্তমানে সৌদিতে অবস্থান করছেন। বাড়িতে রয়েছেন মাহাদির মা ও বোন। তবে পরিবারের সদস্যদের এখনো মৃত্যুর বিষয়টি জানানো হয়নি বলে জানা গেছে।
নিহতের মামা আলমগীর সারোয়ার জানান, মাহাদির বাবা অনেক টাকা খরচ করে সৌদিতে তাকে একটি দোকান করে দিয়েছিলেন। পরে তিনি দোকানটি বিক্রি করে দেন। এছাড়া পরিবারের বাইরে গিয়ে বিয়ে করায় কিছু পারিবারিক ও মানসিক চাপের মধ্যেও ছিলেন তিনি। তার সংসারে তিন বছরের একটি সন্তান রয়েছে।
তিনি আরও বলেন, মানসিক কষ্ট থেকেই মাহাদি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন। পরে কাজে বের হয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মারা যান।
বর্তমানে মাহাদির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









