চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি মর্মান্তিক ঘটনায় ওমানের মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতর থেকে চার বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা একই পরিবারের চার ভাই।

ওমান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওমানের মুলাদ্দা এলাকায় বুধবার (১৩ মে) একটি গাড়ির ভেতরে দীর্ঘ সময় ইঞ্জিন ও এসি চালু অবস্থায় থাকার পর বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিশ্চিত করতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে ওমান পুলিশ।

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা আবদুল মজিদের ছেলে এবং সবাই ওমানে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই প্রবাসে ছিলেন। আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার আগে কেনাকাটা করতে বের হয়ে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোক। রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

স্থানীয়রা বলছেন, এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক অপূরণীয় শোকের মুহূর্ত।

প্রাইমটিভি/এনজি