পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে ইরান, ট্রাম্পের দাবি

পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে ইরান, ট্রাম্পের দাবি। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মতি দিয়েছে। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন যে পরিস্থিতি অনুকূল হলে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছে।
বুধবার "পড ফোর্স ওয়ান" পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "তারা ইতোমধ্যে সম্মত হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র রাখবে না।"
খামেনির ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, তিনি আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং ইরানিরা তাঁকে যথেষ্ট সম্মান করে। ট্রাম্প আরও জানান, খামেনি শারীরিকভাবে সুস্থ নন বলে তিনি শুনেছেন, তবে আলোচনায় তাঁর অনুমোদন অব্যাহত রয়েছে। ট্রাম্প স্বীকার করেন যে তিনি এখনো খামেনির সঙ্গে সাক্ষাৎ করেননি, তবে ভবিষ্যতে সুযোগ হলে দেখা করতে আগ্রহী।
ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রসঙ্গে ট্রাম্প এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবে উল্লেখ করেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে এবং নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে দেশের ভেতরেও এটি ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছে।
চুক্তি না হলে কী হবে, এই প্রশ্নে ট্রাম্প বলেন, "ইরান একটা বড় সাফল্য। আমরা একটা চুক্তির দিকে কাজ করছি। সেটা হলে ভালো, না হলেও আমরা অন্য পথে যাব।" তবে "অন্য পথ" বলতে ঠিক কী বোঝাচ্ছেন তা তিনি স্পষ্ট করেননি, যদিও এর আগে তিনি পুনরায় সামরিক হামলার ইঙ্গিত দিয়েছিলেন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









