ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে স্থানীয় সময় আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে হোটেলটির বেসমেন্টে অবস্থিত লেমন গ্রিন রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তারা দুটি ওয়াটার টেন্ডার, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘন ধোঁয়া ও ভবনের সংকীর্ণ গঠন উদ্ধার তৎপরতাকে জটিল করে তোলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সময় হোটেলে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, হোটেলটির প্রায় ২৫টি কক্ষে দেশি ও বিদেশি অতিথিরা অবস্থান করছিলেন, যাদের অনেকেই চিকিৎসার প্রয়োজনে দিল্লিতে এসেছিলেন।

এদিকে আগুনের ভয়াবহতার মধ্যে একাধিক মানুষকে জীবন বাঁচাতে জানালা ও বারান্দা থেকে নিচে লাফ দিতে দেখা যায়। পরে দমকল কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হোটেলটির বেসমেন্টে কর্মরত শেফ কেসার সিং জানান, সকালে একটি বৈদ্যুতিক চুলা চালু করার মুহূর্তেই আগুনের সূত্রপাত ঘটে। তিনি বলেন, মুহূর্তের মধ্যেই আগুন পুরো রান্নাঘর ও ভবনে ছড়িয়ে পড়ে এবং তিনি কোনোমতে প্রাণে রক্ষা পান।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণের কাজ এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ।

প্রাইমটিভি/এনজি