জিলহজের শেষভাগে খামেনির জানাজা-দাফন, তেহরানের প্রস্তুতি ২ কোটি মানুষের জন্য

ছবি- সংগৃহীত প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন আগামী জিলহজ মাসের শেষভাগ এবং মহররমের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে। তেহরান মিউনিসিপ্যালিটির উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ ২ জুন এক বৈঠকে জানান, প্রায় দুই সপ্তাহের মধ্যে এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
দাফন অনুষ্ঠান উপলক্ষে তেহরানে অন্তত ২৪ ঘণ্টা আনুষ্ঠানিকতা চলবে এবং সেখানে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে। এ উপলক্ষে তিন দিনের ‘পিপলস প্যারেড’ বা শোক মিছিলের পরিকল্পনা করা হয়েছে। তেহরান ছাড়াও কোম ও মাশহাদ শহরে জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে খামেনিকে মাশহাদের বিখ্যাত ইমাম রেজা মাজারে দাফন করা হবে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও কাশ্মীরসহ পূর্ব ইসলামি বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তা ও শোকাহত মানুষ এই দাফন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। এছাড়া ইরাকসহ বিভিন্ন দেশ থেকেও অংশগ্রহণের প্রস্তুতি চলছে। তেহরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ একে একটি স্মরণীয় বৈশ্বিক অনুষ্ঠান হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি ও মার্কিন হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি দীর্ঘ ৩৬ বছর ছয় মাস এই পদে অধিষ্ঠিত ছিলেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









