এবার হরমুজ প্রণালির বিকল্প রুট নিয়ে আসছে তুরস্ক

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু। ছবি: আনাদোলু এজেন্সি
তুরস্ক ঐতিহাসিক হেজাজ রেলপথ আধুনিকায়ন করে ওমান পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করেছে, যা হরমুজ প্রণালির বিকল্প একটি বৈশ্বিক বাণিজ্য পথ তৈরি করবে বলে জানিয়েছেন দেশটির পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবরটি জানিয়েছে।
বুধবার আনাদোলু এডিটর ডেস্ককে তিনি বলেন, পরিকল্পনার লক্ষ্য হলো পুরোনো এই রেলপথকে পুনরুজ্জীবিত করে একদিকে পর্যটন, অন্যদিকে আধুনিক পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করা। প্রাথমিক ধাপে তুরস্ককে আলেপ্পোর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যেখানে বিদ্যমান আলেপ্পো–দামেস্ক–জর্ডান রেল নেটওয়ার্ক ব্যবহার করা হবে। এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, চূড়ান্ত লক্ষ্য হলো রেলপথকে ওমান পর্যন্ত সম্প্রসারণ করে সমুদ্রপথে পৌঁছানো, যা হরমুজ প্রণালির বিকল্প একটি কৌশলগত বাণিজ্য পথ হিসেবে কাজ করবে।
তিনি জানান, ইরাকের বসরা থেকে তুরস্ক সীমান্ত পর্যন্ত ১,২০০ কিলোমিটার দীর্ঘ ‘ডেভেলপমেন্ট রোড’ প্রকল্পের নকশা কাজ শেষ হয়েছে। সড়ক, রেল, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো সমন্বিত এই করিডরটি আন্তর্জাতিক অর্থায়নে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক ও তুরস্কের অংশীদারিত্বে বাস্তবায়ন করা হবে।
তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়।
এছাড়া জাঙ্গেজুর করিডর প্রসঙ্গে উরালোগলু জানান, তুরস্ক অংশের কার্স–ইগদির–আরালিক–দিলুচু রেললাইনের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং কাজ শুরু হয়েছে। আজারবাইজান অংশের কাজও প্রায় শেষের দিকে রয়েছে।
তিনি আরও বলেন, ইস্তাম্বুলের ইয়াভুজ সুলতান সেলিম সেতুর ওপর রেললাইন সংযোজনের প্রকল্পটি ইউরোপ ও এশিয়ার মধ্যে মালবাহী ও যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াবে। এই প্রকল্পে বিশ্বব্যাংকসহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অর্থায়ন করছে এবং মোট ৬.৭৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে। শিগগিরই টেন্ডার আহ্বান এবং চলতি বছরের শেষ নাগাদ নির্মাণ শুরুর পরিকল্পনা রয়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









