লেবাননের দক্ষিণাঞ্চলের পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ৯০০ বছরের পুরোনো মধ্যযুগীয় বিউফোর্ট দুর্গ দখল করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যেই যুদ্ধবিরতি আলোচনা চলাকালে গত রোববার দুর্গ দখলের ঘোষণা আসে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ১৯৮২ সালের লেবানন যুদ্ধে নিহত সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, গ্যালিলি অঞ্চলের জনপদগুলোর ওপর নজর রাখা পাহাড়চূড়াগুলোতে আবারও ইসরায়েলের পতাকা উড়ছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ছবিতে বিউফোর্ট দুর্গে ইসরায়েলের জাতীয় পতাকার পাশাপাশি গোলানি ব্রিগেডের পতাকাও দেখা যায়।

আরবিতে কালাত আল-শাকিফ নামে পরিচিত বিউফোর্ট দুর্গটি দক্ষিণ লেবাননের একটি পাথুরে পাহাড়চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার উচ্চতায় অবস্থিত। ১২ শতকে ক্রুসেডাররা দুর্গটি নির্মাণ করে। প্রাচীন ফরাসি ভাষায়বিউফোর্টশব্দের অর্থসুন্দর দুর্গ ইতিহাসজুড়ে দুর্গটির নিয়ন্ত্রণ বহুবার হাতবদল হয়েছে। ক্রুসেডারদের পর বিভিন্ন আঞ্চলিক শক্তি, এমনকি অটোমান সাম্রাজ্যও এর নিয়ন্ত্রণ নেয়।

উঁচু অবস্থানের কারণে বিউফোর্ট দীর্ঘদিন ধরেই দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে বিবেচিত। এখান থেকে লিতানি নদী, নাবাতিয়েহ শহরসংলগ্ন এলাকা, পশ্চিম বেকা উপত্যকা, অধিকৃত গোলান মালভূমি এবং উত্তর গ্যালিলির বিস্তীর্ণ অঞ্চল পর্যবেক্ষণ করা যায়।

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস এবং সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ উঁচু ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিশ্চিত করতেই অভিযান চালানো হয়েছে। দক্ষিণ লেবাননে অবস্থানকারী আল-জাজিরার সাংবাদিক ওবাইদা হিত্তোর মতে, দুর্গটি দখলের মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে উল্লেখযোগ্য কৌশলগত সুবিধা পেয়েছে।

১৯৮২ সালে লেবাননে আগ্রাসনের সময়ও ইসরায়েল বিউফোর্ট দখল করেছিল। পরে ২০০০ সালে এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হয়। সাম্প্রতিক অভিযানে কয়েক দিনের সংঘর্ষ বিমান হামলার পর দুর্গম পাহাড়ি অঞ্চল অতিক্রম করে ইসরায়েলি বাহিনী দুর্গটির নিয়ন্ত্রণ নেয়।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হাজার ৪১২ জন নিহত এবং ১০ হাজার ২৬৯ জন আহত হয়েছেন। আল-জাজিরার হিসাব বলছে, শুধু গত রোববারই ৩৬টির বেশি হামলায় অন্তত ১২ জন নিহত ৩৫ জন আহত হন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর দক্ষিণ লেবাননের বড় অংশে নিয়ন্ত্রণ বিস্তার করে ইসরায়েল। বর্তমানে দেশটি প্রায় হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা লেবাননের প্রায় এক-পঞ্চমাংশ।

এদিকে গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে আরও গভীরে সামরিক অভিযান জোরদারের নির্দেশ দেন। সোমবার দক্ষিণ লেবাননের সাতটি গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে সরে যেতে বলা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকাগুলোতে নতুন হামলার পরিকল্পনা রয়েছে।