গাজায় ইসরায়েলি হামলা, বহু হতাহত

গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ছবি: রয়টার্স
গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
মঙ্গলবার (২ জুন) মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং অনেকেই নিরাপদ স্থানে চলে যান।
স্থানীয় স্বাস্থ্য সূত্র জানায়, এই হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। একই দিনে মধ্য গাজার জাওয়াইদা এলাকাতেও আরেকটি হামলা হয়, যেখানে আরও কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এসব হামলা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ইসরায়েল বলে আসছে, তাদের সামরিক অভিযান মূলত হামাসের যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করেই চালানো হচ্ছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা অভিযোগ করেছেন, চলমান হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেসামরিক নাগরিকরা।
যুদ্ধবিরতির চেষ্টা চললেও ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বিতীয় ধাপের সমঝোতা বাস্তবায়ন নিয়ে আলোচনা অচল রয়েছে। অস্ত্র সমর্পণ, সেনা প্রত্যাহার ও নিরাপত্তা নিয়ে মতপার্থক্যের কারণে সমাধান এখনও দূরে বলে মনে করা হচ্ছে।
চলমান সংঘাতে গাজার বিস্তীর্ণ এলাকা এখনও সামরিক উত্তেজনায় রয়েছে এবং সাধারণ মানুষের মানবিক সংকট আরও বাড়ছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









