গাজা সিটিতে একই পরিবারের পাঁচজনসহ নয়জন ফিলিস্তিনি নিহত এবং নারী ও শিশুসহ কয়েক ডজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে শহরের চারটি আবাসিক ভবনে একযোগে ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এই খবরটি জানিয়েছে।

আল-শিফা হাসপাতালে নয়টি মরদেহ ও কয়েক ডজন আহতকে আনা হয়েছে বলে ঘটনাস্থলে থাকা আনাদোলু সংবাদদাতা চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন। মরদেহগুলোর কিছু ছিল ছিন্নভিন্ন, কিছু ছিল মারাত্মকভাবে পুড়ে যাওয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, উত্তর-পশ্চিম গাজা সিটির ইন্টেলিজেন্স স্ট্রিটের লাবাদ ভবনে হামলায় এক দম্পতি ও তাদের তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। পরিবারের একটি মেয়েশিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তেল আল-হাওয়া এলাকায় আল-ইসরা ১ ভবনে হামলায় এক দম্পতি নিহত এবং একজন গুরুতরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পশ্চিম গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে মহান্না পরিবারের একটি বাড়িতে হামলায় একজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। হামলার পর সৃষ্ট বড় আগুন ঘনবসতিপূর্ণ এলাকার পার্শ্ববর্তী বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। শেখ রাদওয়ান এলাকায় আল-ঘৌল ভবনে আরেকটি হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতের পর হামলাগুলো চালানো হলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লক্ষ্যবস্তু ভবন ও তার আশপাশে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭৩,০০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারেরও বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও প্রায় প্রতিদিনের হামলায় আরও ৯৩৬ জন নিহত ও ২,৯০৩ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।