অনলাইন প্রতারণা (স্ক্যাম) চক্রে কাজ করার অভিযোগে নেপালে ১৫ বাংলাদেশিসহ ১৯ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

গত শুক্রবার রাজধানী কাঠমান্ডুর জনপ্রিয় পর্যটন এলাকা থামেলে অভিযান চালিয়ে ১৫ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

নেপাল পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা এক চীনা নাগরিক পরিচালিত একটি স্ক্যাম সেন্টারে কর্মরত ছিলেন। অভিযুক্ত চীনা নাগরিক বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে খুঁজছে পুলিশ।

তদন্তে আরও জানা যায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করত এবং অর্থ আদায় করত। তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও ভারতের নাগরিকরা।

পুলিশ বলছে, গ্রেফতার বাংলাদেশিদের বেশিরভাগই এর আগে কম্বোডিয়ায় কাজ করেছেন। সেখানে পরিচিত চীনা অপারেটরদের মাধ্যমে তারা নেপালে আসেন।

অভিযানের সময় কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতার ১৯ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

সোর্স: বিবিসি