লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করে তাকে ‘পাগল’ বলেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি আরও বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনো ভালো আছে।

যুক্তরাষ্ট্র যখন ইরান ও লেবানন ইস্যুতে উত্তেজনা কমানোর চেষ্টা করছিল, তখন এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ জুন) প্রচারিত ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে ট্রাম্প নিজেই এ কথা জানান।

অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন এবং কঠোর ভাষায় সমালোচনা করেন। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি ওই মন্তব্য করেছিলেন, তবে রাগ থেকে নয়। লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়া বিষয়টি তাকে বিরক্ত করেছিল।

তবে ট্রাম্প জোর দিয়ে বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ‘খুবই ভালো’। অন্যদিকে, নেতানিয়াহুও মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের লক্ষ্য এক এবং মতপার্থক্য থাকলেও তা সম্পর্কের অবনতি বোঝায় না।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা চলছে। একই সময়ে ইরান জানিয়েছে, লেবাননকে যুদ্ধবিরতির আওতায় না আনা পর্যন্ত তারা কোনো সমঝোতায় রাজি নয়।

প্রাইমটিভি/এমএইচ