হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ও ইসরায়েল

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ও ইসরায়েল। ছবি: রয়টার্স
হিজবুল্লাহ সম্পূর্ণরূপে হামলা বন্ধ করলে যুদ্ধবিরতি কার্যকর হবে, এই শর্তে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই খবরটি জানিয়েছে।
ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় চতুর্থ দফা আলোচনার পর এই চুক্তিতে পৌঁছানো হয়। চুক্তি অনুযায়ী, লিতানি নদী থেকে সীমান্ত পর্যন্ত ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকা থেকে হিজবুল্লাহর সকল সদস্যকে সরিয়ে নিতে হবে। এছাড়া নির্দিষ্ট কিছু এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী একচেটিয়া নিয়ন্ত্রণ নেবে, যেখানে কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না। আগামী ২২ জুন দুই দেশ আবার বৈঠকে বসবে।
তবে হিজবুল্লাহ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। গোষ্ঠীটির রাজনৈতিক পরিষদের সদস্য মাহমুদ কামাতি বিবিসিকে জানান, ওয়াশিংটনের আলোচনা তাদের বিষয় নয় এবং এর সিদ্ধান্ত তারা মানে না।
এদিকে বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন প্যারামেডিক রয়েছেন, যাদের অ্যাম্বুলেন্স সরাসরি হামলার শিকার হয়। পাল্টা হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে।
গত মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত লেবাননে অন্তত ৩,৫১৬ জন নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা থেকে লেবানন ইস্যুকে আলাদা রাখতে চান তিনি। তবে ইরান সতর্ক করেছে, বৈরুতে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত।










