নিজেকে জেমস বন্ডের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প

ছবি- সংগৃহীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ রসিকতা ও সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে বিশ্বজুড়ে নজর কেড়েছেন। এবার তিনি নিজেকে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের স্টাইলে উপস্থাপন করে একটি মিম শেয়ার করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে' ছবিটি পোস্ট করেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে নিজের তরুণ বয়সের একটি আর্কাইভ ছবি ব্যবহার করেছেন, যেখানে তাকে একটি প্যানেলযুক্ত আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ওপর বড় অক্ষরে লেখা ছিল ‘ট্রাম্প ০০৭’।
ট্রাম্পের এই 'বন্ড' সাজার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ১৬ মে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও ট্রাম্পকে নিয়ে একটি চমৎকার মিম পোস্ট করা হয়েছিল। সেই ছবিতে ট্রাম্পকে বন্ডের চিরচেনা টাক্সেডো পরা অবস্থায় এবং হাতে সাইলেন্সারযুক্ত পিস্তল নিয়ে একটি ছায়ামূর্তিরূপে দেখানো হয়। ছবিটির নিচে সোনালি হরফে লেখা ছিল তার বিখ্যাত রাজনৈতিক স্লোগান‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ । হোয়াইট হাউসের ওই পোস্টটিকে অনেকেই রসিকতার ছলে ট্রাম্পকে পরবর্তী বন্ড হিসেবে মনোনীত করার প্রচেষ্টা বলে অভিহিত করছেন।
নিজের সঙ্গে ইতিহাসের বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তিত্বদের প্রশংসাসূচক তুলনা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এর আগে তিনি বিভিন্ন প্রসঙ্গে নিজেকে পপ সম্রাট এলভিস প্রেসলি, ব্রিটেনের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল এবং মানবতাবাদী মাদার তেরেসার সঙ্গে তুলনা করেছেন। এমনকি অতি সম্প্রতি নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেও ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









