হাদি ইস্যুতে মমতার বিরুদ্ধে সাইবার মামলা

ছবি- সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উসকানিমূলক ও ভারতবিরোধী মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মামলাটি করেছেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন কলকাতার রাসমণি রোডে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ড প্রসঙ্গে বক্তব্য দেন। সেখানে তিনি একটি ‘বড় খুনি’ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর গ্রেপ্তার হওয়ার বিষয়ে মন্তব্য করেন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগকারীর দাবি, ওই বক্তব্যের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এটি ভারতের নিরাপত্তা ও জনসম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।
আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
এর ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দাঙ্গায় উসকানি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, জনসম্প্রীতি নষ্ট করা, ভয়ভীতি প্রদর্শন এবং শান্তিভঙ্গের অভিযোগ সংশ্লিষ্ট ধারাগুলো।
অভিযোগে উল্লেখিত ধারাগুলোর মধ্যে রয়েছে— রাষ্ট্রবিরোধী উসকানি, দাঙ্গা সৃষ্টির চেষ্টা, ধর্ম-জাতি-ভাষাভিত্তিক শত্রুতা সৃষ্টি, মিথ্যা তথ্য প্রচার, জনসম্প্রীতি নষ্ট এবং ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগ।
এদিকে মামলার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জনসভায় দেওয়া বক্তব্যে তিনি দাবি করেছিলেন, একটি ‘বড় খুনি’ বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে সে সময় বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









