৬০ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাংসখেকো পরজীবী 'নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম' (এনডব্লিউএস) শনাক্ত হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের একটি বাছুরের শরীরে এই পরজীবী পাওয়া গেছে বলে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) বুধবার জানিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই খবরটি জানিয়েছে।

মেক্সিকো সীমান্ত থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে লা প্রায়র শহরে তিন সপ্তাহ বয়সী একটি বাছুরের নাভি এলাকায় পরজীবীর লার্ভা পাওয়া যায়। গত এক বছর ধরে মধ্য আমেরিকা ও মেক্সিকোতে এই পরজীবীর প্রকোপ বাড়ছিল এবং এটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল।

স্ক্রুওয়ার্ম আসলে একটি পরজীবী মাছি, যার স্ত্রী প্রজাতি উষ্ণরক্তের প্রাণীর খোলা ক্ষত বা শ্লেষ্মা ঝিল্লিতে ডিম পাড়ে। ডিম ফুটলে শত শত লার্ভা ধারালো মুখ দিয়ে জীবন্ত মাংস কুরে কুরে খায়, এবং চিকিৎসা না করা হলে আক্রান্ত প্রাণীর মৃত্যু হয়। মানুষ ও পোষা প্রাণীও এতে আক্রান্ত হতপারে, তবে মানুষের ক্ষেত্রে ঝুঁকি কম।

পরজীবীটি ছড়িয়ে পড়া ঠেকাতে ইউএসডিএ ও টেক্সাস কর্তৃপক্ষ শনাক্তস্থলের ২০ কিলোমিটার এলাকাজুড়ে কোয়ারেন্টাইন জোন ঘোষণা করেছে। পাশাপাশি লক্ষ লক্ষ বন্ধ্যা স্ক্রুওয়ার্ম মাছি ছেড়ে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে, কারণ স্ত্রী মাছি জীবনে মাত্র একবার মিলিত হয় এবং বন্ধ্যা মাছির সঙ্গে মিলনে অনুর্বর ডিম তৈরি হবে।

তবে টেক্সাসের কৃষি কমিশনার সিড মিলার ফেডারেল সরকারের সাড়াদানে ধীরগতির সমালোচনা করেছেন। তিনি বলেন, উপলব্ধ সব পদ্ধতি ব্যবহার না করে শুধু বন্ধ্যা মাছি ছাড়ার আংশিক সমাধানের উপর নির্ভর করা হয়েছে, যা কার্যকর হতে বছরের পর বছর লেগে যায়।

গবাদিপশু মালিকরা আশঙ্কা করছেন, এই পরজীবীর প্রকোপ ছড়িয়ে পড়লে গবাদিপশুর সংখ্যা কমবে, গোমাংস উৎপাদন ব্যাহত হবে এবং ভোক্তা পর্যায়ে মাংসের দাম বাড়বে।