জাপানে পারিবারিক ছুটি কাটাতে গিয়ে নিখোঁজ হয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামার ২০ বছর বয়সী তরুণ ওয়েস্টন হিগিনবোথাম। গত ২৯ মে থেকে তাঁর কোনো খোঁজ নেই। মার্কিন গণমাধ্যম সিএনএন এই খবরটি জানিয়েছে।

বার্মিংহামের এই পরিবার গত ২২ মে জাপান সফর শুরু করে। টোকিওসহ বেশ কয়েকটি শহর ঘুরে তারা কিয়োটোতে আসে। সেদিন পরিবারের বাকিরা একটি মন্দির পরিদর্শনে গেলে ওয়েস্টন একা কিয়োটো ঘুরে দেখার সিদ্ধান্ত নেন। পরিবেশ সচেতন এই তরুণ ভ্রমণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে মতবিরোধের পর একটু একা সময় কাটাতে চাইছিলেন। বিকেল ৬টায় তিনি একা কিয়োটো স্টেশন ছাড়েন এবং রাত ৮টার দিকে শহরের ইয়ামাশিনা এলাকায় সিসিটিভিতে তাঁকে একটি হাইকিং ট্রেইলের দিকে হাঁটতে দেখা যায়। এরপর থেকে তাঁর ফোনের লোকেশন বন্ধ হয়ে যায়, যা তাঁর চরিত্রের সম্পূর্ণ বিপরীত বলে মা ন্যান্সি হিগিনবোথাম জানান।

ইয়ামাশিনা এলাকাটি কিয়োটো ও শিগা প্রিফেকচারের সীমানায় অবস্থিত এবং চারদিকে পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা। নিখোঁজ হওয়ার পরপরই এলাকায় টাইফুনের কারণে ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তোলে। কিয়োটো পুলিশ কয়েক ডজন কর্মকর্তা, পুলিশ ডগ ও হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালাচ্ছে। এফবিআই এবং জাপানি স্বেচ্ছাসেবীরাও অনুসন্ধানে যোগ দিয়েছেন।

অবার্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়েস্টন প্রকৃতিপ্রেমী ও অভিজ্ঞ পর্বতারোহী। ইউরোপের পিরেনিজ পর্বতমালায় একা হাইকিং করার অভিজ্ঞতা রয়েছে তার। তার কোনো ক্রেডিট কার্ড এখনো ব্যবহার হয়নি।

মা ন্যান্সি বলেন, "প্রতিটি মুহূর্ত শুধু ছেলের কথা মাথায় আসে। আমি তাকে ফিরে পেতে চাই।" পরিবার জানিয়েছে, ওয়েস্টনকে খুঁজে না পাওয়া পর্যন্ত তারা জাপান ছাড়বেন না। বার্মিংহামে তাঁর চার্চে একটি প্রার্থনাসভাও অনুষ্ঠিত হয়েছে।