আবারও মধ্যপ্রাচ্য উত্তেজনায় বাড়ল তেলের দাম

ছবি- সংগৃহীত তেলের দাম বেড়েছে
মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। আগের দিনের বড় ধরনের দরপতনের পর শুক্রবার (৫ জুন, ২০২৬) বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, লেবাননে নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান এবং ওমানের একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনালে বিস্ফোরণের ঘটনা এই দাম বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে।
শুক্রবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে ৯৫.৩৬ ডলারে পৌঁছেছে। আগের দিন এর দাম প্রায় ২.৮৪ শতাংশ কমেছিল। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ সেন্ট বেড়ে ৯৩.০৬ ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এর দাম ৩.১ শতাংশ কমেছিল। এই উত্থানের ফলে দুই ধরনের তেলই টানা তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক মূল্যবৃদ্ধির পথে রয়েছে। বিশেষ করে ডব্লিউটিআই-এর দাম সপ্তাহজুড়ে ৬ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়া, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় বাজারে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বাজার বিশ্লেষক টনি সাইকামোর জানিয়েছেন, পরস্পরবিরোধী খবরের কারণে বাজারে এখনো অনিশ্চয়তা কাটেনি। এ ছাড়া বিশ্বব্যাপী তেলের মজুত কমে আসার আশঙ্কায় বছরের তৃতীয় প্রান্তিকে দাম আরও বাড়তে পারে। তবে ওপেকের (OPEC) মহাসচিব হাইথাম আল-গাইস জানিয়েছেন, এই সংঘাতের মধ্যেও চলতি বছরে দৈনিক ১২ লাখ ব্যারেল তেল চাহিদা বৃদ্ধির পূর্বাভাস বহাল রাখা হয়েছে। যদিও চীনের বাজারে দুর্বল চাহিদা তেলের দামের ওপর কিছুটা চাপ সৃষ্টি করে রেখেছে।
প্রাইমটিভি/বিএম










