আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভূমিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। মরুভূমির মধ্যে যাত্রীবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ার পর পানির অভাবে তৃষ্ণায় মারা গেছেন অন্তত ৪৯ জন। তবে দীর্ঘ পথ হেঁটে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন দুজন।

বৃহস্পতিবার নাইজারের আগাদেজ গভর্নরেট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিহতরা প্রতিবেশী দেশ মালি থেকে একটি মুসলিম ধর্মীয় উৎসব উপলক্ষে নিজ দেশে ফিরছিলেন। পথে সাহারা মরুভূমির প্রত্যন্ত এলাকায় তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়। গাড়িটি মেরামতের জন্য চালক, সহকারী এবং যাত্রীরা সর্বোচ্চ চেষ্টা করলেও তা সচল করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলটি ছিল আগাদেজ অঞ্চলের আসামাকা সীমান্ত ক্রসিং থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে। আসামাকা নাইজার, আলজেরিয়া এবং মালির সীমান্তসংলগ্ন একটি গুরুত্বপূর্ণ এলাকা।

কর্তৃপক্ষ জানায়, প্রচণ্ড তাপদাহ, পানির সম্পূর্ণ অভাব এবং আশপাশে কোনো সরবরাহ কেন্দ্র না থাকায় যাত্রীরা মরুভূমির মধ্যে আটকা পড়ে যান। ধীরে ধীরে পানির মজুত ফুরিয়ে গেলে একে একে ৪৯ জনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ পরে গণকবরে দাফন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

তবে দলের দুজন সদস্য প্রায় ৫০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে একটি পানির উৎসে পৌঁছাতে সক্ষম হন। সেখান থেকে তারা আসামাকা এলাকায় গিয়ে প্রশাসনকে পুরো ঘটনার খবর দেন। পরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

সাহারা মরুভূমির এই অঞ্চলটি আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট হিসেবে পরিচিত। প্রতি বছর হাজারো মানুষ উন্নত জীবনের আশায় এই বিপজ্জনক পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তীব্র গরম, পানির সংকট এবং খাদ্যের অভাবে অনেকেই পথে প্রাণ হারান।

মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই রুটে নিরাপত্তা ও মানবিক সহায়তা বৃদ্ধির দাবি জানিয়ে আসছে।

সূত্র: এএফপি

প্রাইমটিভি/কেআর