বিশ্বকাপ শুরুর আগেই ধর্মঘটের হুমকি, আইসিই নিষিদ্ধের দাবি সোফি স্টেডিয়াম কর্মীদের

মূলত খাবার পরিবেশনকারী, বাবুর্চি, বারটেন্ডার ও ক্যাশিয়ারদের নিয়ে গঠিত ইউনিয়নটি ৯৬ শতাংশ ভোটে ধর্মঘটের অনুমোদন দেয়। ছবি: রয়টার্স
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে ধর্মঘটের মেঘ ঘনিয়ে উঠেছে। স্টেডিয়ামটির দুই হাজারের বেশি কর্মীর প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ইউনাইট হেয়ার লোকাল ১১ শুক্রবার ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
মূলত খাবার পরিবেশনকারী, বাবুর্চি, বারটেন্ডার ও ক্যাশিয়ারদের নিয়ে গঠিত ইউনিয়নটি ৯৬ শতাংশ ভোটে ধর্মঘটের অনুমোদন দেয়। ইউনিয়নের সঙ্গে স্টেডিয়াম পরিচালনাকারী প্রতিষ্ঠান লেজেন্ডস গ্লোবালের বিদ্যমান চুক্তির মেয়াদ আগেই শেষ হয়ে গেছে এবং একাধিক দফা আলোচনার পরেও নতুন চুক্তি না হওয়ায় সংকট তৈরি হয়েছে।
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম নামে পরিচিতি পাওয়া সোফি স্টেডিয়ামটি বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু। আগামী ১২ জুন সেখানে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে এই মাঠের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার কথা। এ ছাড়া তুরস্ক, ইরান, সুইজারল্যান্ড ও বেলজিয়ামের ম্যাচসহ মোট আটটি খেলা এখানে অনুষ্ঠিত হবে।
ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, দাবি পূরণ না হলে যেকোনো মুহূর্তে কর্মীরা কাজ ছেড়ে বেরিয়ে যেতে পারেন। ১২ জুনের ম্যাচের আগে সোমবার আলোচনা অব্যাহত রাখার কথা রয়েছে। চুক্তি না হলে ইউনিয়নের একটি কমিটি ধর্মঘটের সময় নির্ধারণ করবে।
সংকট আরও জটিল হয়ে উঠেছে ফিফার নতুন নিয়মের কারণে। বিশ্বকাপে সব স্টেডিয়াম কর্মীদের পূর্বানুমোদিত নিরাপত্তা যাচাই বাধ্যতামূলক করেছে ফিফা। ধর্মঘট শুরু হলে নতুন করে নিয়োগ পাওয়া কর্মীরা সেই অনুমোদনবিহীন হবেন, যা আয়োজনে বড় বিপত্তি ডেকে আনতে পারে। ইউনিয়ন আগেই বিষয়টি ফিফাকে জানিয়েছে বলে জানা গেছে।
পাশাপাশি ইউনিয়ন ফিফার কাছে দাবি জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে ভেন্যুর ভেতরে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর প্রবেশ যেন নিষিদ্ধ করা হয়। ইউনিয়নের বিজ্ঞপ্তিতে বলা হয়, "কোনো কর্মীকে যেন তার চাকরি ও স্বাধীনতার মধ্যে একটি বেছে নিতে বাধ্য করা না হয়। স্টেডিয়ামে আইসিই ঢুকলে কর্মীদের কাজ ছেড়ে যাওয়ার অধিকার থাকতে হবে।"

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









