যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মাংসখেকো স্ক্রুওয়ার্ম পোকার প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার পর কানাডা সাময়িকভাবে টেক্সাস থেকে গবাদিপশু আমদানি নিষিদ্ধ করেছে। কানাডার খাদ্য পরিদর্শন সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত পার হওয়ার আগের ২১ দিনের মধ্যে যেসব গরু বা ঘোড়া টেক্সাসে ছিল, সেগুলো দেশে প্রবেশ করতে পারবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানায়, যুক্তরাষ্ট্রের শীর্ষ গরু ও গোমাংস উৎপাদনকারী অঙ্গরাজ্য টেক্সাসে দ্বিতীয় একটি বাছুরের শরীরে এই পরজীবী পাওয়া গেছে। পরিস্থিতিকে 'আসন্ন বিপদ' আখ্যায়িত করে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট শুক্রবার দুর্যোগ অবস্থা ঘোষণা করেন। তিনি সাংবাদিকদের বলেন, “গ্রীষ্মজুড়ে এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।”

নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম একটি পরজীবী মাছি। এর স্ত্রী মাছি জীবিত উষ্ণরক্তী প্রাণী এবং মানুষের খোলা ক্ষত ও মিউকাস মেমব্রেনে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া শত শত লার্ভা ধারালো মুখ দিয়ে জীবন্ত মাংস খেতে থাকে এবং চিকিৎসা না হলে শেষপর্যন্ত পোষক প্রাণীকে মেরে ফেলে।

বুধবার মার্কিন কর্মকর্তারা জানান, মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে লা প্রায়ার শহরে তিন সপ্তাহ বয়সী একটি বাছুরের নাভির কাছে লার্ভা পাওয়া যায়। ৬০ বছরে টেক্সাসে এটিই প্রথম শনাক্ত। এরপর শুক্রবার প্রথম ঘটনাস্থল থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে জাভালা কাউন্টিতে এক মাস বয়সী আরও একটি বাছুরে সংক্রমণ ধরা পড়ে। ইউএসডিএ জানায়, প্রথম ঘটনার পর গড়ে তোলা ২০ কিলোমিটার 'নিয়ন্ত্রণ অঞ্চলে'র মধ্যেই এই দ্বিতীয় কেসটি পাওয়া যায়। বিভাগটি ওই এলাকায় কোয়ারেন্টিন, চলাচল নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করেছে।

এই দুটি ঘটনা মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে এগিয়ে আসা প্রাদুর্ভাবেরই অংশ, যা মার্কিন কৃষি ও স্বাস্থ্য কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছিলেন।

কানাডার কর্মকর্তারা বলছেন, শীতল আবহাওয়ার কারণে এই পরজীবী কানাডায় সমস্যা হওয়ার সম্ভাবনা কম, ঐতিহাসিকভাবে উষ্ণ ও আর্দ্র অঞ্চলে এটি ছড়িয়েছে। তবু তারা কৃষকদের পশুর ক্ষত নজরে রাখতে এবং কোনো কাটা জায়গায় 'স্রাব বা দুর্গন্ধ' দেখা দিলে সতর্ক হতে বলেছেন। টেক্সাস ভ্রমণ করলে পোষা প্রাণীও পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিমুখী গবাদিপশু বাণিজ্য রয়েছে। জবাই, প্রজনন এবং দুগ্ধ ও পশম উৎপাদনের জন্য সীমান্তের দুই দিকেই পশু যাওয়া-আসা করে। কানাডার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে এবং ২০২৫ সালে ৫ লাখ ৫০ হাজার গবাদিপশু আমদানি হয়েছে।

যুক্তরাষ্ট্রে ১৯৬৬ সালে স্ক্রুওয়ার্ম নির্মূল হয়েছিল বলে ধরা হয়, তবে এরপরও বিচ্ছিন্ন ঘটনা দেখা গেছে, যার মধ্যে ১৯৭০-এর দশকে একটি প্রাদুর্ভাবও ছিল। এই পরজীবীর লার্ভা মাছিতে পরিণত হলে অল্প দূরত্বে উড়তে পারে, তবে দীর্ঘ দূরত্বে মূলত মানুষের মাধ্যমেই ছড়ায়।

সর্বশেষ প্রাদুর্ভাব ঠেকাতে মার্কিন কৃষি ও স্বাস্থ্য কর্মকর্তারা জনসংখ্যা বৃদ্ধি রোধে কোটি কোটি জিনগতভাবে পরিবর্তিত বন্ধ্যা মাছি ছাড়ার পাশাপাশি গবাদিপশুতে পরজীবী শনাক্তে স্নিফার কুকুর ব্যবহারের পরিকল্পনা করেছেন। তবে কিছু বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, এই কৌশলগুলো প্রাদুর্ভাব থামাতে যথেষ্ট হবে কিনা।