পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

শ্রীরাম কৃষ্ণন । সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ এআই উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নীতিনির্ধারণ এবং আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ জানিয়েছেন, চলতি মাসের জুনের শেষেই তিনি হোয়াইট হাউসের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শ্রীরাম কৃষ্ণন বলেন, জুনের শেষে তার দায়িত্ব শেষ হবে। কিছুটা বিরতি নেওয়ার পর তিনি আবারও যুক্তরাষ্ট্রের এআই সংক্রান্ত বড় চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে চান।
তার এই পদত্যাগ এমন সময় এলো যখন ট্রাম্প প্রশাসন কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর ওপর সরকারের ভূমিকা ও নীতিগত নিয়ন্ত্রণ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরে এবং প্রযুক্তি খাতে নানা আলোচনা চলছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমেরিকার জনগণের স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, আগামী সপ্তাহে একাধিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
পদত্যাগ করলেও শ্রীরাম কৃষ্ণন পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডেভিড স্যাক্স। তিনি জানান, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী শ্রীরাম প্রশাসনের সঙ্গে যুক্ত থাকবেন।
এদিকে প্রযুক্তি জগতে শ্রীরাম কৃষ্ণনের অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বলেন, প্রযুক্তি খাতে শ্রীরামের ভূমিকা অনস্বীকার্য।
এখন তার পদত্যাগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এআই নীতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









