ভারতের মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের আত্মহত্যার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওয়াশিম জেলার মালেগাঁও তালুকার তিভলি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী ও দুটি শিশু রয়েছে। আজ রোববার (১৪ জুন) এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির মরদেহ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী, ছেলে এবং মেয়ের মরদেহ পাশের একটি কুয়া থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্বামী গলায় ফাঁস দিয়ে এবং স্ত্রী দুই সন্তানসহ কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

শিরপুর থানার সাব-ইন্সপেক্টর ইমরান পাঠান সাংবাদিকদের জানান, "বিকেল সাড়ে ৪টার দিকে আমাদের পুলিশ কন্ট্রোল রুমে তিভলি গ্রামের এই ঘটনার খবর আসে। তথ্য পেয়েই পিএসআই তাদে-সহ পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।"

তিনি আরও বলেন, "আপাতত চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল (সোমবার) ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।"

এই ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে পারিবারিক কোনো কলহ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

সূত্র: এনডিটিভি

প্রাইমটিভি/কেআর