শাকিবকে দেখে মুগ্ধ পূর্ণিমা

ছবি- সংগৃহীত জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমা
দীর্ঘদিন পর ঢালিউডের একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমা-কে একসঙ্গে দেখে মেতে উঠেছেন ভক্তরা। শনিবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে হঠাৎ দেখা হয় এই দুই তারকার। দীর্ঘ বিরতির পর মুখোমুখি হয়েই পুরোনো দিনের স্মৃতি, হাসি-আড্ডা আর খুনসুটিতে মেতে ওঠেন তারা।
আলাপচারিতার এক পর্যায়ে শাকিব খানের বর্তমান লুক ও ফিটনেস দেখে রসিকতা করে পূর্ণিমা বলেন "তাকে আমি যা দেখেছি, তার থেকে তো ও এখন অনেক ছোট হয়ে গেছে। আরও বেশি ছোট। তার যতগুলো ছবি আছে, আমি কিন্তু দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।"

পূর্ণিমা আরও জানান, নিয়মিত একসঙ্গে কাজ করা না হলেও তিনি শাকিবের ক্যারিয়ারের অগ্রগতি ও আন্তর্জাতিক অঙ্গনে তার সাফল্য সবসময় আগ্রহ নিয়ে অনুসরণ করেন। বর্তমানের ফিট শাকিবকে দেখে তিনি আফসোস করে আরও বলেন, তাদের জুটি বেঁধে কাজ করার সময়ে শাকিব যদি এই লুকে থাকতেন, তবে আরও অনেক ভালো লাগত।
উল্লেখ্য, একসময় এই জুটি ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ এবং ‘বাধা’-র মতো বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সময়ের ব্যবধানে তাঁদের ব্যস্ততা ভিন্ন দিকে গেলেও, এই সাক্ষাৎ প্রমাণ করে যে তাঁদের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব আজও আগের মতোই অটুট রয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






