চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশের হাইশি প্রিফেকচারে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।

সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হাইশি অঞ্চলের একটি দুর্গম উচ্চভূমি এলাকায়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর এলাকায় একাধিক আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে একটি আফটারশকের মাত্রা প্রায় ৫ ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুর্গম ও পাহাড়ি এলাকায় ভূমিকম্প আঘাত হানায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে মাঠপর্যায়ে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন অবকাঠামো ও জনবসতির সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করছে।

হাইশি অঞ্চলটি খনিজ সম্পদে সমৃদ্ধ। সেখানে একাধিক জিংক শোধনাগার এবং খনিশিল্পভিত্তিক স্থাপনা রয়েছে। তবে ভূমিকম্পের ফলে খনি কার্যক্রম, শিল্পপ্রতিষ্ঠান বা অন্যান্য অবকাঠামোর কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার তৎপরতা ও পরিস্থিতি মূল্যায়নের কাজ অব্যাহত রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আফটারশকের ঝুঁকি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাইমটিভি/কেআর