ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবল কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। ৮৩ বছর বয়সী এই প্রবীণ কোচ বর্তমানে ব্রাজিলের সামারিতানো বারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম স্পোর্টস্টারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে পারেইরার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি ঠিক কবে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবা বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ২০০৩ সালে পারেইরার শরীরে ‘হজকিন্স লিম্ফোমা’ নামের এক ধরনের ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তিনি নিয়মিত চিকিৎসা ও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।

ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লোস আলবার্তো পারেইরা। তার অধীনেই ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সেলেসাওরা তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয় করে। পরবর্তীতে ২০০৬ বিশ্বকাপেও তিনি ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই ব্রাজিল ২০০৪ সালের কোপা আমেরিকা এবং ২০০৫ সালের কনফেডারেশনস কাপের শিরোপা নিজেদের ঘরে তোলে।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, সেলেসাওদের প্রধান কোচ হিসেবে তিনি মোট ১৭৭টি ম্যাচে ডাগআউটে ছিলেন। এর মধ্যে তার নেতৃত্বে ব্রাজিল ১২৪টি ম্যাচে জয়লাভ করে, ৩৯টি ম্যাচ ড্র করে এবং মাত্র ১৪টি ম্যাচে পরাজয়ের মুখ দেখে।

প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার অনেক আগে, ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রাজিল দলের কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পারেইরা। পরবর্তীতে ২০১৪ বিশ্বকাপে তিনি লুইজ ফেলিপে স্কলারির অধীনে দলের সমন্বয়কারীর দায়িত্বও পালন করেন।

ব্রাজিলের বাইরে আন্তর্জাতিক ফুটবলেও তার রয়েছে অনন্য অভিজ্ঞতা। তিনি কুয়েত (১৯৮২), সংযুক্ত আরব আমিরাত (১৯৯০), সৌদি আরব (১৯৯৮) এবং দক্ষিণ আফ্রিকা (২০১০) জাতীয় দলকে ফুটবল বিশ্বকাপে কোচিং করিয়েছেন।

বিশ্ব ফুটবলের অন্যতম এই প্রবীণ ও অভিজ্ঞ কোচের হাসপাতালে ভর্তির খবরে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করছেন ব্রাজিলের ফুটবলপ্রেমী ও সাবেক খেলোয়াড়রা।

প্রাইমটিভি/বিএম