গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম

ইমাম গোলাম আজম । প্রাইম টিভি
পুরানা পল্টনে নামাজে ইমামতি করার সময় মুসল্লিদের সিজদায় রেখে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, চাঁদপুর আদালতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩ এর অধীনে দায়ের করা একটি মামলায় গোলাম আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তিনি ‘রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী।
মামলার পরোয়ানা কার্যকর করতে গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে তার ব্যবসা প্রতিষ্ঠানে যায় পুলিশ। এ সময় গোলাম আজম আসরের নামাজ আদায়ের অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজে ইমামতি শুরু করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নামাজের দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে তিনি পেছনের একটি পথ দিয়ে দ্রুত পালিয়ে যান। এতে মুসল্লিরা সিজদায় থাকলেও আসামি ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন।
তবে পালিয়ে বেশিক্ষণ আত্মগোপনে থাকতে পারেননি তিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার সকালে নিজ বাসা থেকে তাকে আবারও গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মানবপাচার সংশ্লিষ্ট একাধিক অভিযোগ ও মামলার তথ্যও রয়েছে। বর্তমান মামলার অভিযোগ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, নামাজ আদায়ের অনুমতি নিয়ে ইমামতি করার সময় দ্বিতীয় রাকাতের সিজদা থেকে উঠে আসামি পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







