যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

ট্রাম্প ও পেজেশকিয়ান । সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে নতুন এক কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে অবস্থানকালে সমঝোতা স্মারকে সই করেন ট্রাম্প। পরে সাংবাদিকদের তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
জি–৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ফ্রান্স সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের সই করার একটি ভিডিও প্রকাশ করে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বৃহস্পতিবার সমঝোতা স্মারকে সইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, প্রেসিডেন্টের সইয়ের মাধ্যমে ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হয়েছে এবং এখন বাস্তবায়ন যাচাইয়ের পর্যায়ে প্রবেশ করেছে।
ইরানের দাবি, নথিটি ইলেকট্রনিক পদ্ধতিতে সই হয়েছে। অর্থাৎ দুই দেশের প্রেসিডেন্ট ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করেই এতে স্বাক্ষর করেছেন। এ বিষয়ে আলাদা কোনো আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ইসমাইল বাঘাই।
এর আগে সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের এক দিন আগেই চুক্তিতে সইয়ের ঘোষণা আসে।
সমঝোতা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, চুক্তিটি এখনই কার্যকর হবে।
১৪ দফার এই সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথাও বলা হয়েছে। ভবিষ্যৎ আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করার প্রত্যাশাও তুলে ধরা হয়েছে নথিতে।
এদিকে চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের আলোচনার সময়সীমা শুরু হচ্ছে। কূটনৈতিক এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রাইমটিভি/এনজি








