যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮০ জনের বেশি

ছবি- সংগৃহীত
যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে একজন ট্রেনচালক নিহত হয়েছেন এবং ৮০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে বেডফোর্ড শহরের বাইরে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাজ্যের ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত গুরুতর, ২২ জন গুরুতর আহত এবং ৫৬ জনের আঘাত তুলনামূলকভাবে কম গুরুতর।
রেল ট্র্যাকিং তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত উভয় ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ট্রেন দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস এবং জরুরি চিকিৎসা সেবা কর্মীরা।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং একজন চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে পুলিশ জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
যুক্তরাজ্য রেলের পূর্ব মিডল্যান্ডস বিভাগ জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে নটিংহ্যাম থেকে সেন্ট প্যানক্রাসগামী একটি ট্রেন যাত্রা শুরু করে। একই সময়ে করবি থেকে একই গন্তব্যের উদ্দেশে আরেকটি ট্রেন রওনা হয়। প্রাথমিকভাবে কী কারণে সংঘর্ষ ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রী পিটার ন্যাপ ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, “হঠাৎ আমি আসন থেকে ছিটকে পড়ি এবং সামনে ধোঁয়া দেখতে পাই। মানুষজন কাঁদছিল, চিৎকার করছিল এবং সবাই খুব বিভ্রান্ত অবস্থায় ছিল।”
তিনি আরও বলেন, “চারপাশে অনেককে আহত অবস্থায় দেখেছি। কারও হাত-পা ভেঙে গেছে, কেউ আবার কথা বলার অবস্থাতেও ছিলেন না।”
পিটার জানান, তিনিও দুর্ঘটনায় আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।
সূত্র: এপি
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









