আবহাওয়া বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তায় বিশ্বজুড়ে আবারও বাড়ছে উদ্বেগ। তবে কি সামনে আসছে এক ভয়াবহ জলবায়ু পরিবর্তনের সময়? নাকি প্রকৃতি নিজেই তার রুদ্ররূপ দেখাতে প্রস্তুত হচ্ছে?

প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার ইঙ্গিত মিলছে। বিজ্ঞানীদের ভাষায়, এই অবস্থাই তৈরি করতে পারে এক শক্তিশালী সুপার এল নিনো, যা আগামী বছর বিশ্বের আবহাওয়ার গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সুপার এল নিনো কোনো সাধারণ জলবায়ু ঘটনা নয়। এর প্রভাব পড়ে মহাদেশ থেকে মহাদেশে। কোথাও অস্বাভাবিক ভারী বৃষ্টি, কোথাও দীর্ঘ খরা, আবার কোথাও ভয়াবহ তাপপ্রবাহ। এমনকি ঘূর্ণিঝড়ের তীব্রতাও বেড়ে যেতে পারে কয়েক গুণ। দক্ষিণ এশিয়ার দেশগুলোও এর ঝুঁকির বাইরে নয়। বাংলাদেশের মতো কৃষিনির্ভর অর্থনীতির দেশে এর প্রভাব হতে পারে আরও গভীর। ধান, গমসহ মৌসুমি ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি খাদ্য সরবরাহ ব্যবস্থাতেও তৈরি হতে পারে চাপ।

আবহাওয়া বিশ্লেষকরা আরও জানিয়েছেন, আগামী কয়েক মাস প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি আরও পরিষ্কার করবে আসল চিত্র। সেই সময়ই বোঝা যাবে, আসলে কতটা শক্তিশালী হতে পারে এই সম্ভাব্য সুপার এল নিনো। অন্যদিকে, বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি এবং সরবরাহ ব্যবস্থার অস্থিরতা মিলিয়ে তৈরি হতে পারে এক নতুন চাপের পরিবেশ।

সব মিলিয়ে এখনই শুরু হয়েছে সতর্কবার্তা। বিজ্ঞানীদের একটাই বার্তা, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সম্ভাব্য জলবায়ু বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ প্রকৃতির এই পরিবর্তন যদি সত্যিই সুপার এল নিনোর রূপ নেয়, তাহলে তার অভিঘাত হবে বিশ্বব্যাপী এবং দীর্ঘস্থায়ী।