একদিনের সফরে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি ঢাকার গুলশানের বাসা থেকে বের হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে একটি নির্ধারিত ফ্লাইটে যশোরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গুলশান থেকে বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি যশোরগামী ফ্লাইটে ওঠেন। দিনের কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শা উপজেলায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন এলাকায় উলশী উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার। পরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। দিনের সব কর্মসূচি শেষে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি।