বৃষ্টিতে স্বস্তি, কমছে গরমের তীব্রতা

ছবিঃ সংগৃহীত
রোববার থেকেই সারাদেশে বেড়ছে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা। স্বস্তির আভাস মিলছে জনজীবনে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে করে বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হয়ে কিছুটা স্বস্তি ফিরতে পারে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজধানী ঢাকার আবহাওয়াও রয়েছে বেশ অস্থির। আজ (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি এবং বিজলি চমকানোর প্রবল সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময় উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বেশি সক্রিয় থাকতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকার আশঙ্কা রয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সব মিলিয়ে, ঝড়-বৃষ্টি আর দমকা হাওয়ার মধ্য দিয়ে তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি পেলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




