বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে যোগ হয়েছে নতুন গতি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সমন্বয় শুরু করেছে। বর্তমানে এই ইউনিট থেকে সরবরাহ করা হচ্ছে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, ধাপে ধাপে এই উৎপাদন আরও বাড়ানো হবে। তার ভাষায়, নতুন এই বিদ্যুৎ যোগ হওয়ায় সার্বিক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং দেশব্যাপী লোডশেডিং কমাতে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

এদিকে, আজ ২৮ এপ্রিল থেকে জাতীয় গ্রিডে আরও বড় সংযোজন আসছে। বিপিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ আরএনপিএল, আজ থেকেই ৬০০ মেগাওয়াট উৎপাদন শুরু করতে যাচ্ছে।

বিপিডিবির সর্বশেষ তথ্য বলছে, গত শনিবার দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। তবে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, যা ঘাটতির স্পষ্ট ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, নতুন এই বিদ্যুৎ সংযোজন স্থিতিশীলতা আনতে পারে জাতীয় গ্রিডে, আর কমাতে পারে দীর্ঘদিনের ভোগান্তি লোডশেডিং।