প্রধানমন্ত্রীর জন্মস্থান ‎বগুড়ার গাবতলী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত একটি সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর কাজটি বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর থেকে ঠাকুরপাড়া পর্যন্ত ৩০০ মিটার সড়ক পাকাকরণ কাজ করছে মেসার্স মা ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডির অধীনে প্রায় ৩৯ লাখ ৫১ হাজার ২১৬ টাকা ব্যয়ে এ কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।

‎ মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, নির্ধারিত মান অনুযায়ী ৫০ মিলিমিটার (প্রায় ২ ইঞ্চি) ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে ৩ থেকে ৪ ইঞ্চি আকারের নিম্নমানের ইটের খোয়া ও টুকরা  ব্যবহার করা হয়েছে।

এসব খোয়া দিয়ে ইতিমধ্যে মেকাডম (বেজ) প্রুস্তুতের কাজও সম্পন্ন করা হয়েছে। বিগত বছরের মে মাসে এই সড়কটির নির্মাণকাজ শুরু করা হলেও চলতি বছরের মার্চ মাসে কাজ শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত কাজের অর্ধেক শেষ না হওয়ায় আবোও তিন মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঠিকাদার জোরপূর্বক নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এর আগেও খোয়া খারাপ দেওয়ায় কাজে বাধা প্রদান করা হলেও পরে আবার একইভাবে কাজ শুরু করা হয়। বিষয়টি নিয়ে তারা উপজেলা প্রকৌশলীর কাছে মৌখিক অভিযোগ দেন।

‎‎ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোঃ মোশাররফ হোসেন দাবি করেন, খোয়ায় এক নম্বর ও দুই নম্বর ইট মিশ্রণ করা হয়েছে। বর্তমানে ভালো মানের ইট পাওয়া যাচ্ছনা। কাজটি অনেক আগে শুরু হওয়ায় কিছু সমস্যার সৃষ্টি হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. ফজলে রাব্বী বলেন, আমি সরেজমিনে গিয়ে খোয়ার মান খারাপ পেয়েছি। এজন্য কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নমানের খোয়া অপসারণ করে নতুন মানসম্মত খোয়া ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।