‘উপঢৌকন’ পেয়ে দুই মন্ত্রীর কথা বলার সময় বাড়ালেন ডেপুটি স্পিকার

ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দেখা গেল এক ভিন্ন চিত্র। বুধবারের (২৯ এপ্রিল) অধিবেশনে বক্তব্যের অতিরিক্ত সময় পাওয়া নিয়ে ঘটে ব্যতিক্রমী এক ঘটনা।
আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে নির্ধারিত সময় হিসেবে দেওয়া হয় ৮ মিনিট। তবে বক্তব্য শুরু করেই কৌশলে বাড়তি সময়ের আবেদন জানান তিনি। অতীতে কেউ চা খাইয়ে, কেউ আবার পেশাগত সম্পর্কের কারণে অতিরিক্ত সময় পেয়েছেন উল্লেখ করে তিনি নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরেন এবং সময় বাড়ানোর অনুরোধ জানান।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল হাস্যরসের ছলে শর্ত জুড়ে দেন। তিনি বলেন, তার নির্বাচনী এলাকার দুইটি হাসপাতাল উন্নয়নের প্রতিশ্রুতি দিলে অতিরিক্ত সময় দেওয়া হবে। প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হন স্বাস্থ্যমন্ত্রী। ফলে নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৪ মিনিট পান তিনি।
এরপর বক্তব্য দিতে উঠে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী পান মাত্র ৫ মিনিট সময়। সময় শেষ হলে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্য, একজন বয়স্ক মানুষ হিসেবে তিনি কম সময় পেলেন, অথচ হাসপাতালের প্রতিশ্রুতিতে অন্য মন্ত্রী পেলেন বেশি সময়।
তার এই মন্তব্যে সংসদে হাসির রোল পড়ে যায়। পরে ডেপুটি স্পিকার জানান, তার এলাকায় শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক সুবিধার ঘাটতি রয়েছে। এ পর্যায়ে সংস্কৃতিমন্ত্রীও শিল্পকলা একাডেমি ও বাদ্যযন্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সব মিলিয়ে সংসদের গম্ভীর আলোচনার মাঝেই এ ঘটনায় তৈরি হয় হাস্যরসাত্মক এক পরিবেশ, যা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




