রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের অফিসের সামনের রাস্তায় রিকশা আরোহীকে ছুরিকাঘাতে আহত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই। 

আজ শুক্রবার (১ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নিউরো সাইন্স ইনিস্টিউট পরে সকাল ৬ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

আহতের স্বামী ব্যাসায়ী আব্দুল হক বলেন, আমার মা মরিয়ম বেগম (৯৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাকে গ্রামের বাড়ি থেকে নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে যাই।

আমার কাছে তেমন কোন টাকা ছিল না, তাই আমি বাসায় ফোন করে টাকা নিয়ে আসতে বলি, তখন আমার স্ত্রী শিল্পী বেগম  ২৫ হাজার টাকা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা করে সেখানে আসতে ছিল।

পথে নির্বাচন কমিশন অফিসের সামনের রাস্তায় ৫/৬ জন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে, হাতে পায়ে কুপিয়ে টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাকে নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ও মাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে অসুস্থ মাকে ভর্তি করা হয়েছে। আর স্ত্রীকে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে। 

রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে তাদের বাসা। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন. আহত নারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।