রাজধানীতে কোনো শীর্ষ সন্ত্রাসী’র অস্তিত্ব নেই- ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি- সংগৃহীত
রাজধানী ঢাকায় আগের মতো প্রভাবশালী কোনো শীর্ষ সন্ত্রাসীর অস্তিত্ব এখন আর নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তবে অতীত অপরাধীদের সহযোগী বা নতুন করে যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে তিনি হুঁশিয়ারি দেন।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে একটি নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রাজধানীর অপরাধীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে। আমাদের মনিটরিং ও পর্যবেক্ষণ সার্বক্ষণিক অব্যাহত রয়েছে। কারওয়ান বাজারে নতুন এই ক্যাম্পটি মূলত পাইকারি বাজারে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে। ব্যবসায়ীরা কোনো তথ্য দিলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বাস দেন।
ডিএমপি কমিশনার আরও জানান, ঢাকা মহানগরীতে ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান আরও জোরদার করতে সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত তল্লাশি ও গোপন নজরদারি বাড়ানো হয়েছে।
থানায় মামলা না নেওয়া বা সেবা পেতে হয়রানির অভিযোগ প্রসঙ্গে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, কোনো থানায় মামলা নিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীরা সরাসরি সংশ্লিষ্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), ডেপুটি কমিশনার (ডিসি) কিংবা ডিএমপির ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সাথে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




