আগামী বছরের মধ্যে দেশে কোনো রোহিঙ্গা থাকবে না- শাহজাহান চৌধুরী

বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। ছবি- সংগৃহীত
আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের কাজ সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি জানিয়েছেন, ২০২৭ সালে রোহিঙ্গাদের চূড়ান্তভাবে ‘গুড বাই’ জানানো হবে এবং এ বিষয়ে তিনি সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করবেন।
শনিবার (২’মে) উখিয়ার পালংখালী স্টেশনে ‘অধিকার বাস্তবায়ন কমিটি’ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এমপি শাহজাহান চৌধুরী পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী আবাসন নির্মাণের জন্য বিভিন্ন এনজিওর (বেসরকারি সংস্থা) তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, রোহিঙ্গা ক্যাম্পে চাকরির ক্ষেত্রে স্থানীয় শিক্ষিত যুবকদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া নাফ নদে স্থানীয় জেলেদের অবাধে মাছ ধরার সুযোগ এবং আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মানববন্ধনে অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসাইন স্থানীয়দের সুরক্ষায় ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত বন্ধ করা, মাদক, খাদ্যদ্রব্য ও মানবপাচার এবং অপহরণ রোধ, চাকরি নিয়োগে স্বচ্ছতা ও স্থানীয়দের প্রাধান্য প্রদান, ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট ও অনলাইন জুয়া বন্ধ করা, বাঙালি ও রোহিঙ্গাদের মধ্যে বিবাহ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
উক্ত মানববন্ধনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও মানববন্ধনে উখিয়া ও টেকনাফের সাধারণ মানুষ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




