শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

শাপলা চত্বর হত্যাকাণ্ড। ছবি- সংগৃহীত
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বর-এ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রায় শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী ৭ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি বলেন, “এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।” তবে তদন্ত এখনো শেষ পর্যায়ে থাকায় চূড়ান্ত সংখ্যা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
২০১৩ সালে ঢাকার মতিঝিল এলাকায় অবস্থিত শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এবং নারী নীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে এই কর্মসূচি পালন করে।
দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর রাতে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা, যা এক পর্যায়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে অভিযান চালায়। অভিযানের মাধ্যমে শাপলা চত্বর খালি করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দীর্ঘ ১৩ বছর পর আলোচিত এই ঘটনার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার বিচার কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




