গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

জান্নাতুল লামিশা, গবি প্রতিনিধি: ছবি- প্রাইম টিভি।
বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
রবিবার (৩’মে) বেলা ২ টায় র্যালি ও মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
ক্যাম্পাস সাংবাদিকতার সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে গবিসাসের সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব বলেন, “বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার প্রশ্ন বা সংবাদ নিয়ে আলোচনা-সমালোচনা হতে পারে, কিন্তু সংগঠিতভাবে মব সৃষ্টি করে সাংবাদিকদের হেনস্তা বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাস সাংবাদিকতা অনেকটা জলে বসে কুমিরের সঙ্গে লড়াই করার মতো। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হেনস্তার ঘটনা নতুন নয়। তাই এ পেশায় টিকে থাকতে হলে ধৈর্য, সাহস ও পেশাদারিত্ব অত্যন্ত জরুরি।”
দিবসটি উপলক্ষে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়ে গবিসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, “একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম সত্য তুলে ধরতে, জনমত গঠন করতে এবং সমাজের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “তথ্যপ্রবাহের এই যুগে গণমাধ্যমের দায়িত্ব বহুগুণে বেড়েছে। বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনই একটি সচেতন, মানবিক ও নিরাপদ সমাজ গঠনের প্রধান হাতিয়ার হতে পারে। মুক্ত গণমাধ্যমের পথচলা আরও শক্তিশালী হোক– এটাই আমাদের প্রত্যাশা।”
কর্মসূচিতে গবিসাসের অন্যান্য নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




