মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আসন্ন ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (৪ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “সড়কে চাঁদাবাজি নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি। আবারও বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এটি একটি অপরাধ, যারা এতে জড়িত তাদের নিয়ন্ত্রণ করা হবে এবং আইনের আওতায় আনা হবে।”

ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, “আগামী ঈদে সড়কে চ্যালেঞ্জ বেশি। তবুও জনভোগান্তি কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়ক-মহাসড়কে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।”

এছাড়া তিনি জানান, গত দুই মাসে সংসদে জমা পড়া চাহিদাপত্র বাস্তবায়নে প্রায় ৩ লাখ কোটি টাকার প্রয়োজন। তবে বরাদ্দ পাওয়া যায় প্রায় ৪০ হাজার কোটি টাকা। সীমিত বরাদ্দের মধ্যেও সড়ক প্রশস্তকরণসহ উন্নয়নমূলক কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী।