পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক তরুণ গড়লেন বিশ্বরেকর্ড। চোখ বাঁধা অবস্থায় মাত্র ১০ দশমিক ৩২ সেকেন্ডে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে নাম তুলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

ধনীসাফা ইউনিয়নের ফুলজুড়ী গ্রামের বাসিন্দা ১৮ বছর বয়সী সিফাত আকন চলতি বছরের জানুয়ারিতে এই রেকর্ডের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে গত ২৮ এপ্রিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার কৃতিত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

সিফাত জানান, প্রায় চার বছর আগে একটি পত্রিকায় গিনেস রেকর্ড সংক্রান্ত প্রতিবেদন দেখেই তার আগ্রহের শুরু হয়। তখন করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারের বিষয়টি মাথায় রেখে এই ক্যাটাগরিতেই রেকর্ড গড়ার পরিকল্পনা করেন তিনি।

তিনি আরও বলেন, এর আগে একজন ভারতীয় ১১ দশমিক ৫৪ সেকেন্ডে ১০টি মাস্ক পরে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই শুরু করেন অনুশীলন। শুরুতে সময় লাগত ২৫ থেকে ২৬ সেকেন্ড। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে সময় কমিয়ে আনেন।

চোখ বাঁধা অবস্থায় মাস্ক হাতে নেওয়া এবং সঠিকভাবে পরা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পরিবার ও বন্ধুর উৎসাহে তিনি হাল ছাড়েননি। বিশেষ করে মা, ছোট ভাই ও বন্ধু ইমনের সহযোগিতা তাকে অনুপ্রাণিত করেছে।

সিফাত উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির ইচ্ছা রয়েছে। তার বাবা আবদুল জলিল একজন বনরক্ষী এবং মা গৃহিণী।

সিফাতের মা বেগম সুরমা জানান, ভবিষ্যতে আরও নতুন রেকর্ড গড়ার পরিকল্পনা রয়েছে সিফাতের। এক মিনিটে সর্বোচ্চ সংখ্যক মানুষকে আলিঙ্গন করা এবং সর্বাধিক হ্যান্ডশেক করার রেকর্ড নিয়েও ভাবছেন তিনি।

সিফাতের বাবা বলেন, ছেলের এই সাফল্যে তিনি গর্বিত এবং ভবিষ্যতে আরও বড় অর্জন করবে বলে আশাবাদী। স্থানীয় শিক্ষক মামুন হোসেন বলেন, সিফাতের এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, পুরো এলাকার জন্যই গর্বের।

এদিকে, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার সিফাতকে কার্যালয়ে ডেকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।