পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেট্রোপলিটন ও জেলা পুলিশের শার্ট আগের মতো নীল থাকলেও প্যান্ট হবে খাকি রঙের।

সোমবার (০৪ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, পুলিশের আবেদন এবং সার্বিক গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়েই এই পরিবর্তন আনা হচ্ছে। তবে নতুন ইউনিফর্ম কার্যকর করতে কিছুটা সময় লাগবে, কারণ কাপড় উৎপাদন ও প্রস্তুতির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফেরাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং সব কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।

পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও অবসর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এগুলো নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। নিয়োগ, বদলি, পদোন্নতি এবং অবসর সবই আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে এবং এতে কোনো রাজনৈতিক বিষয় নেই।

কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া অপরাধীদের বিষয়ে তিনি বলেন, জামিন একটি আইনি বিষয় হলেও এসব ব্যক্তিরা যাতে পুনরায় অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

মন্ত্রী আরও জানান, গত ১ মে থেকে সারা দেশে মাদক, অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। এই অভিযানে পুলিশ, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং বড় সিন্ডিকেট ভেঙে দেওয়াই প্রধান লক্ষ্য।

রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, উখিয়া ও টেকনাফে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিরাপত্তা জোরদার, মাদক চোরাচালান প্রতিরোধ এবং শৃঙ্খলা রক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সাম্প্রতিক সংসদ অধিবেশন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল একটি প্রাণবন্ত ও কার্যকর অধিবেশন। দীর্ঘদিন পর একটি বৈচিত্র্যময় সংসদ গড়ে উঠেছে, যেখানে গঠনমূলক আলোচনা এবং উল্লেখযোগ্য সংখ্যক আইন প্রণয়ন হয়েছে।

ব্রিফিংয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।