ক্ষমা চেয়ে হাসিনা সরকারের ভিডিও বার্তা

ছবিঃ সংগৃহীত
বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা বাউল শিল্পী হাসিনা সরকার এবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
এর আগে হাসিনা সরকার অভিযোগ করেছিলেন, নারী বাউল শিল্পীরা বিভিন্ন সময় কুপ্রস্তাবের শিকার হন এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক ছাড়া অনুষ্ঠান পাওয়া কঠিন হয়ে পড়ে। যদিও তিনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। তার ওই বক্তব্য ঘিরে বাউল অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি সবার কাছে ক্ষমা চেয়ে আগের মতো সমর্থন পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।
তিনি আরও দাবি করেন, ‘হাসিনা সরকার’ নাম থাকার কারণে কিছু জায়গায় তাকে মঞ্চে গান গাইতে দেওয়া হয়নি। এমনকি তার অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হাসিনা সরকারের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন শিল্পী সংগঠন থেকে প্রথমে গানের প্রস্তাব এলেও পরে তা বাতিল করা হয়েছে। এসব ঘটনায় তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছিলেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, ক্ষোভ ও হতাশা থেকেই আগের মন্তব্য করেছিলেন। তার ভাষায়, যাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বা সম্পর্ক রয়েছে, অনেক সময় তারাই বেশি অনুষ্ঠান পান—এমন ধারণা থেকেই তিনি ওই বক্তব্য দিয়েছিলেন। পরে তিনি স্বীকার করেন, এভাবে মন্তব্য করা তার ভুল ছিল।
ভিডিও বার্তায় হাসিনা সরকার আরও বলেন, অনেক দক্ষ বাউল শিল্পী অবহেলিত থাকলেও কম যোগ্যতার শিল্পীরা সুযোগ পাচ্ছেন। তবে তার মন্তব্যে বাউল অঙ্গনের কেউ আঘাত পেয়ে থাকলে তিনি আবারও ক্ষমা প্রার্থনা করেন।





