বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের ১ম বেতন বিলিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি- সংগৃহীত;
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অবহেলিত বেদে সম্প্রদায়ের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে তিনি নিজের প্রথম মাসের পুরো বেতন উৎসর্গ করেছেন। এই অর্থ দিয়ে তিনি ৩৪ জন বেদে শিক্ষার্থীর জন্য দীর্ঘমেয়াদী শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেটস মিট জিপসি জিনিয়াস শিরোনামে একটি পোস্টের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ এই মহতী উদ্যোগের কথা জানান। সেখানে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আয়োজিত একটি সচেতনতামূলক সেশনের ভিডিও শেয়ার করেন। অনুষ্ঠানে তিনি জানান, বেদে সম্প্রদায়ের অনেক পরিবারে মাধ্যমিকের পরই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায়, যা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে বড় বাধা। এই বাল্যবিবাহ রোধ এবং উচ্চশিক্ষা নিশ্চিত করতেই তিনি এই বৃত্তির পরিকল্পনা করেছেন।
ঘোষণা অনুযায়ী, যেসব শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবে, তাদের প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। এই সহায়তা পুরো শিক্ষাজীবন জুড়ে নিয়মিতভাবে প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে তাদের প্রয়োজনীয়তা ও মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ প্রদান করা হয়। তবে এই বৃত্তির পেছনে তিনি একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন; শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল বজায় রাখতে হবে। পড়াশোনায় অবহেলা করলে বা ফলাফল আশানুরূপ না হলে বৃত্তি বন্ধ করে দেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
হাসনাত আব্দুল্লাহ মনে করেন, বেদে সম্প্রদায়ের মেয়েদের শিক্ষিত করা শুধু কর্মসংস্থানের জন্য নয়, বরং জীবন ও সমাজ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য অপরিহার্য। শিক্ষা ছাড়া এই সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই মনে করছেন, একজন জনপ্রতিনিধির এই ক্ষুদ্র প্রচেষ্টা বৃহত্তর সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




