বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান বাহিনীর ফ্লাইং একাডেমি

গুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি দল। ছবি- সংগৃহীত
দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি দল। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে অংশ নেন। সঙ্গে ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পরিদর্শনকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা অনুযায়ী বগুড়াকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।
বগুড়ায় শুধুমাত্র বিমানবন্দর নয়, বরং একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, এই একাডেমির মাধ্যমে দেশেই দক্ষ বেসামরিক বৈমানিক পাইলট তৈরি হবে, যা এভিয়েশন সেক্টরে দেশের সক্ষমতা বাড়াবে।
পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আশা প্রকাশ করেন যে, সরকারের সহায়তায় এখানে একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনের মাধ্যমে দেশের আকাশসীমা সুরক্ষা আরও সুদৃঢ় হওয়ার পাসাপাশি প্রকল্পগুলো বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
পরিদর্শন কালে স্থানীয় সংসদ সদস্য, বেবিচক সচিব ও চেয়ারম্যান, বগুড়া জেলার পুলিশ সুপারসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া ভবিষ্যতে আকাশপথের অন্যতম প্রধানকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




