যে যায় লঙ্কায় সেই হয় রাবণ’ বিএনপিকে- গোলাম পারোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি- সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "যে যায় লঙ্কায় সেই হয় রাবণ—বর্তমানে বিএনপির ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে।" শনিবার (৯ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কড়া মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জনমত উপেক্ষা করে প্রতারণার রাজনীতি শুরু করেছে।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে যারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলেন, তারাই এখন গণভোটের রায় অস্বীকার করছেন। এটি জনগণের সঙ্গে চরম প্রতারণা। তার অভিযোগ, উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা ও দলীয় প্রভাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে। জাতীয় গুরুত্ব বিবেচনা না করে শুধুমাত্র বিএনপির সুবিধাজনক এলাকায় সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংবাদিকতার স্বাধীনতার কথা বললেও, বর্তমানে সরকার সমালোচনাকারী সাংবাদিকদের চাকরিচ্যুত ও হয়রানি করছে বলে তিনি দাবি করেন।
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে জামায়াত নেতা বলেন, এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দীর্ঘদিনের জন-দাবি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থ উপেক্ষা করে ‘ব্যাকপাস’ খেললে বিএনপি নিজেই গোল খাওয়ার ঝুঁকিতে পড়বে।
এ সময় বিমানবন্দরে নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




