সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আসিফ (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকালে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার কোনাবাড়ী গ্রামের বাসিন্দা লিয়াকত আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, মানসিক প্রতিবন্ধী হওয়ায় আসিফ প্রায়ই মহাসড়কের পাশে ঘোরাফেরা করতেন। অনেক সময় তাকে সড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা যেত। রোববার সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আসিফকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার কিছু সময় পর পুলিশ বিষয়টি জানতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি।