সীমান্তে গুলি বন্ধে দিল্লিকে কঠোর বার্তা দিলেন রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।ছবি- সংগৃহীত;
সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি ও রক্তপাত বন্ধে ভারতের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বারবার সীমান্ত রক্তাক্ত করে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। রোববার (১০ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে দুজনকে গুলি করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, "সীমান্তে মানুষ হত্যা ও রক্তপাত কবে বন্ধ হবে? এ ধরনের আচরণ ভারতের সাধারণ মানুষও চায় না। দিল্লির উচিত সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে এসে বাংলাদেশের সঙ্গে স্থায়ী ও সম্মানজনক সম্পর্ক গড়ে তোলা।" তিনি স্পষ্ট করেন যে, ভারতের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে বিএনপির কোনো মন্তব্য নেই, তবে বাংলাদেশি নাগরিকদের জীবন রক্ষায় কোনো আপোষ করা হবে না।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জাতির কাঠামো নির্মাণের কারিগর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখা প্রতিটি পেশাকে যথাযথ মূল্যায়ন করবে। দেশাত্মবোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার পরিশ্রমই দেশ গঠনের মূল প্রেরণা হয়ে দাড়িয়েছে।"
বক্তব্যে তিনি জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা এবং তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। রিজভী বলেন, তারেক রহমান অতীতের মতো ১০ টাকা কেজি চাল বা ঘরে ঘরে চাকরির মতো কোনো প্রতারণামূলক অঙ্গীকার করেননি। বরং তিনি বাস্তবমুখী সংস্কারের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছেন।"
সিঙ্গাপুরের উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নদী-নালা সংস্কার ও কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




