বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে এবং প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিতে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। এছাড়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার দীর্ঘদিনের দাবিটিও বাস্তবায়িত হতে যাচ্ছে। রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, যারা বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠান, তাদের রাষ্ট্রীয় সম্মাননা ও লজিস্টিক সাপোর্ট দিতে আগামী দুই মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ চালু করা হতে পারে। এই কার্ডধারীরা বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন, যেমন বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন পারাপারের সুবিধা ও দেশে অবস্থানকালে ব্যক্তিগত ও সম্পদের বিশেষ সুরক্ষা। পাশাপাশি প্রবাসীদের জন্য বিনিয়োগবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল প্রবাসে কেউ মারা গেলে সরকারি খরচে মরদেহ দেশে ফিরিয়ে আনা। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "সরকার প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে। তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়াটি সহজ ও সরকারি খরচে করার বিষয়ে কাজ চলছে।"

নিউইয়র্ক-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন এবং সময়সাপেক্ষ হলেও সরকার এটি নিয়ে কাজ করছে। এছাড়া প্রবাসীরা যেন দেশে বিনিয়োগ করতে গিয়ে কোনো ধরনের প্রতারণা বা জটিলতার শিকার না হন, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য আনুপাতিক হারে লজিস্টিক ও ভিআইপি সাপোর্ট বৃদ্ধির পরিকল্পনাও সরকারের রয়েছে।